K C O S
Logo

কদমতলী খ্রীষ্টান ঐক্য সংঘ

রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার পিটার ডেভিড পালমা আর নেই

রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার পিটার ডেভিড পালমা আর নেই
👁️ দেখেছেন: 56 বার ✍️ যুক্ত করেছে: Ornate Blaise Pereira

রাজশাহী ধর্মপ্রদেশের তরুণ ও নিবেদিতপ্রাণ যাজক ফাদার পিটার ডেভিড পালমা আর আমাদের মাঝে নেই। বুধবার (07/01/2026) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকালপ্রয়াণে রাজশাহী ধর্মপ্রদেশসহ দেশের খ্রিস্টান সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ফাদার পিটার ডেভিড পালমা ১৪ ডিসেম্বর ১৯৮৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি পরিমল পালমা ও শিখা পালমার সন্তান। শিক্ষাজীবনে তিনি ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি এবং ২০১৪ সালে ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি পবিত্র আত্মা উচ্চ সেমিনারিতে গঠন জীবন শেষ করে ২০২১ সালে যাজকত্বের পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
যাজকত্ব জীবনে তিনি ৩০ আগস্ট ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত “সাপ্তাহিক প্রতিবেশী” হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ০৪ মে ২০২৩ থেকে ১৫ আগস্ট ২০২৩ পর্যন্ত বোর্ণী ধর্মপল্লীতে এবং ১৭ আগস্ট ২০২৩ থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত আন্ধারকোঠা ধর্মপল্লীতে পালকীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অল্প সময়ের যাজকত্ব জীবনে ফাদার পিটার ডেভিড পালমা তাঁর সরলতা, প্রার্থনাময় জীবন, যুবকদের প্রতি বিশেষ ভালোবাসা এবং মানুষের প্রতি গভীর সহমর্মিতার জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু ধর্মপল্লীর বিশ্বাসীজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
কদমতলী খ্রীস্টান ঐক্য সংঘ (KCOS)-এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজশাহী ধর্মপ্রদেশের সকল যাজক ও বিশ্বাসীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আমরা সর্বশক্তিমান ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি যেন তাঁর বিশ্বস্ত সেবক ফাদার পিটার ডেভিড পালমার আত্মাকে চিরশান্তি দান করেন। ✝
-
Kodomotoli Christian Oikko Shongho (KCOS)

← সব সংবাদে ফিরে যান